রতুয়া, ৩০ আগস্ট: গঙ্গার জলস্তর বাড়তেই মালদহের রতুয়া-১ ব্লকের মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম রতনপুরে ভয়াবহ রূপ নিয়েছে নদীভাঙন। ইতিমধ্যেই ভাঙনের কবলে পড়ে গৃহহীন হয়েছে একাধিক পরিবার। বাড়িঘর সরিয়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা। এবার নদীর গ্রাস থেকে রেহাই পেল না এলাকার শিক্ষা প্রতিষ্ঠানও।
পশ্চিম রতনপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রায় অর্ধেক অংশ ইতিমধ্যেই গঙ্গার জলে তলিয়ে গিয়েছে। ফলে কার্যত গঙ্গার পাড়ে ঝুলছে স্কুল ভবনের অবশিষ্ট অংশ। যেকোনও মুহূর্তে বাকি অংশও নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কায় আতঙ্কিত স্থানীয়রা। পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে আপাতত অন্য একটি বিদ্যালয়ে তাদের পঠন-পাঠনের ব্যবস্থা করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, জলস্তর বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভাঙনের তীব্রতা। রাতারাতি নদীর পাড় ধসে পড়ছে। ইতিমধ্যেই বহু পরিবার ঘরবাড়ি সরিয়ে নিয়েছে। দ্রুত ভাঙন প্রতিরোধের পাশাপাশি স্কুল ভবনের অবশিষ্ট অংশ রক্ষায় প্রশাসনের কাছে জরুরি পদক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসী।







