হরিশ্চন্দ্রপুর: হরিশ্চন্দ্রপুরের ডাঙ্গিলা এলাকায় গৃহবধূর রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম ফিরদৌসী খাতুন। পরিবারের অভিযোগ, পণের দাবিতে দীর্ঘদিন ধরে স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা তাঁর উপর নির্যাতন চালাতেন। শনিবার সকালে পরিবারের কাছে খবর আসে, শোবার ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় ফিরদৌসীকে উদ্ধার করা হয়েছে। পরে তাঁকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। মৃতার বাবা-মায়ের অভিযোগ, তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। স্বামী, শাশুড়ি ও ননদদের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতার বাবা। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে মৃতার পরিবার।







