চাঁচল, ১৯ অগস্ট: বুধবার চাঁচলের সাপ্তাহিক হাটে জলযন্ত্রণার ছবি ধরা পড়ল। হাটের ভিতরের রাস্তা থইথই জলে ডুবে থাকায় সেই জল ডিঙিয়েই কেনাবেচা করতে বাধ্য হলেন ক্রেতা-বিক্রেতারা। ব্যবসায়ীদের অভিযোগ, নিকাশি ব্যবস্থা না থাকায় প্রায় পাঁচ বছর ধরে বর্ষার মরশুমে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে।
হাটে পান-চুন, ছাতা, জাল, মশারি, পলিথিন, ঝাড়ু ও গামছা নিয়ে পসরা সাজিয়ে বসেছিলেন ব্যবসায়ীরা। কিন্তু জল পেরিয়ে অনেকেই কেনাকাটা না করায় বিক্রি কার্যত মুখ থুবড়ে পড়েছে। দুপুর গড়িয়ে গেলেও ক্রেতার দেখা না মেলায় হতাশ ব্যবসায়ীরা।
চাঁচল গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য প্রসেনজিৎ শর্মার অভিযোগ, হাটের বাইরের নিকাশি নালা বুজিয়ে অবৈধ নির্মাণ হওয়ায় জল বের হতে পারছে না। দ্রুত সমস্যা সমাধানের দাবিতে প্রশাসনের দ্বারস্থ হওয়ার কথা জানান তিনি।







