হরিশ্চন্দ্রপুর: ভারতছাড়ো আন্দোলনের ৮৫তম বার্ষিকী উপলক্ষে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি ভাঙা এবং স্বাধীনতা সংগ্রামীদের কুৎসার প্রতিবাদে হরিশ্চন্দ্রপুর শহীদ মোড়ে পথসভা করল এসইউসিআই (কমিউনিস্ট)। বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য অংশুধর মণ্ডল, হরিশ্চন্দ্রপুর লোকাল কমিটির সম্পাদক উজ্জ্বলেন্দু সরকার ও সদস্য রবীন্দ্ররাম। বক্তারা অভিযোগ করেন, বিজেপি ক্ষমতায় এসে ইতিহাস বদলের পরিকল্পনা করছে। তাঁদের দাবি, ১৯৪২-এর ভারতছাড়ো আন্দোলন ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে দেশজুড়ে স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থান। সেই আন্দোলনের ইতিহাস ও বিভিন্ন রাজনৈতিক দলের ভূমিকা আজও মূল্যায়নের গুরুত্বপূর্ণ মানদণ্ড। বক্তাদের অভিযোগ, তৎকালীন হিন্দু মহাসভার নেতৃত্ব আন্দোলনের বিরোধিতা করে ব্রিটিশ সরকারকে সহযোগিতার অবস্থান নিয়েছিল। একইসঙ্গে ১৯৪২-এর সময় কমিউনিস্ট পার্টির ভূমিকা নিয়েও তাঁরা সমালোচনামূলক আলোচনা করেন। বক্তাদের দাবি, স্বাধীনতা সংগ্রামের প্রকৃত ইতিহাস বিকৃত না করে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে।







