রতুয়া, ১৮ অগস্ট: মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে গ্রামীণ জীবিকা মিশন ‘আনন্দধারা’ ও কৃষি দপ্তরের যৌথ কর্মসূচিতে ৬৪ জন কৃষি সখীর প্রাকৃতিক কৃষি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। চাঁচল-২, ওল্ড মালদা ও কালিয়াচক-৩ ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যদের নিয়ে দুই পর্বে পাঁচ দিনের এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রতিটি পর্বে ৩২ জন করে কৃষি সখী অংশ নেন। প্রশিক্ষণে প্রাকৃতিক কৃষির বিভিন্ন পদ্ধতি, কৃষকদের সচেতন করা এবং মাঠপর্যায়ে কৃষি সহায়তার বিষয়ে তাঁদের দক্ষ করে তোলা হয়। দেশি গরুর গোবর ও মূত্র দিয়ে জীবামৃত, বীজামৃত-সহ বিভিন্ন উপকরণ তৈরির পদ্ধতিও হাতে-কলমে শেখানো হয়।
প্রশিক্ষণ শেষে কৃষি সখীরা গ্রামে কৃষকদের সঙ্গে সরাসরি কাজ করে রাসায়নিকমুক্ত ও পরিবেশবান্ধব কৃষির প্রসারে পরামর্শ দেবেন।
প্রথম পর্ব শেষে কৃষি সখীদের হাতে শংসাপত্র তুলে দেন কৃষি দপ্তরের প্রশাসনিক আধিকারিক বিদ্যুৎ কুমার বর্মন ও আত্মা প্রকল্পের আধিকারিক বিপদ ভঞ্জন পাল। দ্বিতীয় পর্বের উদ্বোধনে উপস্থিত ছিলেন রতুয়া-১ ব্লকের সহকারী কৃষি আধিকারিক সৈয়দ সারওয়ার উসান ও সেচ দপ্তরের প্রশাসনিক আধিকারিক মনোহর সরদার।
কর্মসূচিটি পরিচালনা করেন প্রশিক্ষণ সমন্বয়ক ড. ভবানী দাস ও সহ-সমন্বয়ক ড. শুদ্ধশুচি দাস। উপস্থিত ছিলেন ড. পারমিতা ভৌমিক ও খামার ব্যবস্থাপক ড. বঙ্কিম চন্দ্র রুদ্র।
কেন্দ্রের প্রধান বিজ্ঞানী ড. রাকেশ রায় জানান, প্রশিক্ষিত কৃষি সখীরা কৃষি বিজ্ঞান কেন্দ্র ও কৃষকদের মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধনের ভূমিকা পালন করবেন। পাশাপাশি এই উদ্যোগে গ্রামীণ মহিলাদের দক্ষতা, নেতৃত্ব ও আত্মনির্ভরতার সুযোগও বাড়বে।









