
চাঁচল: শ্রাবণের শেষ সোমবারে শিবের আরাধনায় ভক্তদের ঢলে কার্যত জনসমুদ্রের চেহারা নিল মালদহের চাঁচলের ঐতিহ্যবাহী হাতিন্দা শিব মন্দির। সোমবার ভোর থেকেই মন্দিরমুখী হতে শুরু করেন পুণ্যার্থীরা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়। শিবলিঙ্গে জল ঢেলে পুজো দিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন ভক্তরা।
শ্রাবণ মাসের প্রতিটি সোমবারই হাতিন্দা মন্দিরে পুণ্যার্থীদের সমাগম হয়। তবে মাসের শেষ সোমবারকে ঘিরে ভক্তদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। চাঁচল ও আশপাশের এলাকা ছাড়াও পার্শ্ববর্তী বিহার থেকে বহু মানুষ এদিন মন্দিরে আসেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
সকাল থেকেই ‘হর হর মহাদেব’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে মন্দির চত্বর। ভক্তদের ভিড় সামলাতে মন্দির ও সংলগ্ন এলাকায় নজরদারি এবং নিরাপত্তার ব্যবস্থাও করা হয়।
স্থানীয়দের দাবি, শ্রাবণের শেষ সোমবারে হাতিন্দা শিব মন্দিরে প্রায় ৩০ হাজারেরও বেশি পুণ্যার্থীর সমাগম হয়েছে। ভক্তদের ঢল ঘিরে গোটা এলাকায় তৈরি হয় উৎসবের আবহ।







