মালদা: গঙ্গার ভয়াবহ ভাঙনে ফের বিপর্যস্ত দক্ষিণ মালদার মানিকচক ও ভূতনি এলাকা। নদীর করাল গ্রাসে একের পর এক বাড়িঘর, কৃষিজমি ও মানুষের দীর্ঘদিনের সঞ্চয় তলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ভাঙন ঘিরে আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা।
রবিবার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে মানিকচকের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন দক্ষিণ মালদার সাংসদ ঈশা খান চৌধুরী ও প্রাক্তন বিধায়ক মোত্তাকিন আলম। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁরা পরিস্থিতির খোঁজ নেন।
বাসিন্দাদের অভিযোগ, প্রতি বছর বর্ষার মরশুমে গঙ্গার ভাঙন নতুন করে ভয়াবহ আকার নেয়। সাময়িকভাবে বস্তা বা পাথর ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা হলেও স্থায়ী সমাধান এখনও অধরা। তাঁদের দাবি, দ্রুত বৈজ্ঞানিক সমীক্ষার ভিত্তিতে স্থায়ী বাঁধ ও বোল্ডার পিচিংয়ের কাজ শুরু করতে হবে।
এদিকে, কেন্দ্র ও রাজ্যের তরফে ভাঙন রোধে একাধিকবার উদ্যোগের কথা জানানো হলেও দ্রুত ও দীর্ঘমেয়াদি কাজের দাবি আরও জোরালো হচ্ছে। স্থানীয়দের বক্তব্য, আশ্বাস নয়, এবার প্রয়োজন কার্যকর ও স্থায়ী পদক্ষেপ।







