চাঁচল, ৮ সেপ্টেম্বর :
অনাস্থায় তৃণমূলের বোর্ডের পতনের পর এ বার খরবা গ্রাম পঞ্চায়েতের দখল নিল কংগ্রেস। মঙ্গলবার প্রশাসনের উপস্থিতিতে নতুন বোর্ড গঠন ঘিরে আবিরে মাতল এলাকা। আস্থা ভোটে ১৭-০ ভোটে প্রধান নির্বাচিত হন পারভিনা খাতুন। উপপ্রধান হয়েছেন হুসনেআরা খাতুন।
গত ২৫ অগস্ট অনাস্থা ভোটে ১৬-০ ব্যবধানে অপসারিত হয় তৃণমূলের প্রধান রেহেনা পারভিন ও উপপ্রধান মলয় বসাক। নতুন প্রধান পারভিনা খাতুন আগে তারাপুর বুথের তৃণমূল সদস্য ছিলেন। পরে কংগ্রেসে যোগ দেন। ২০১৮ সালের বোর্ডেও তিনি প্রধানের দায়িত্বে ছিলেন। উপপ্রধান হুসনেআরা কাজলাদহ বুথ থেকে কংগ্রেসের প্রতীকে টানা ছ’বার জয়ী হয়েছেন।
নতুন বোর্ড ঘিরে কংগ্রেস কর্মীদের উচ্ছ্বাস দেখা যায়। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক আসিফ মেহবুব-সহ দলের স্থানীয় নেতৃত্ব। দায়িত্ব পেয়ে উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন প্রধান ও উপপ্রধান।







