
রতুয়া, ২ সেপ্টেম্বর: সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এবার সেই আধুনিক শিক্ষার ধারায় নতুন সংযোজন হল মালদার আড়াইডাঙ্গা চক্রের অন্তর্গত পুখুরিয়া উচ্চতর বিদ্যালয়ে। পড়াশোনার মান আরও উন্নত করতে বিদ্যালয়ে শুভ সূচনা হল আধুনিক ডিজিটাল ক্লাসরুমের।
ডিজিটাল ক্লাসরুম চালু হওয়ায় এবার থেকে প্রথাগত বইয়ের পাশাপাশি অডিও-ভিজ্যুয়াল মাধ্যমেও বিভিন্ন বিষয় পড়ানো হবে পড়ুয়াদের। ফলে কঠিন ও জটিল বিষয়গুলিও ছবি, ভিডিও, অ্যানিমেশন এবং বিভিন্ন দৃশ্যমান উপস্থাপনার মাধ্যমে আরও সহজে বুঝতে পারবে ছাত্র-ছাত্রীরা। শুধু মুখস্থনির্ভর পড়াশোনা নয়, বিষয়কে বুঝে শেখার ক্ষেত্রে এই ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষিকা তথা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা পিয়ালী কুমার জানান, আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে পড়াশোনাকে আরও আকর্ষণীয় ও সহজবোধ্য করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। অডিও-ভিজ্যুয়াল মাধ্যমে বিষয়গুলি উপস্থাপন করা হলে পড়ুয়াদের আগ্রহ যেমন বাড়বে, তেমনই শেখা বিষয় দীর্ঘদিন মনে রাখতেও সুবিধা হবে। বিভিন্ন শিক্ষামূলক ভিডিও, ছবি ও তথ্যের মাধ্যমে একটি বিষয়কে আরও বিস্তারিতভাবে বোঝার সুযোগ পাবে তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবর বিদ্যালয় পরিদর্শক আশিক শেখ, এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীরা। ডিজিটাল ক্লাসরুমের উদ্বোধন ঘিরে বিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যেও ছিল যথেষ্ট উৎসাহ।
বিদ্যালয় কর্তৃপক্ষের আশা, আধুনিক প্রযুক্তির এই ব্যবহার আগামী দিনে পড়াশোনার পরিবেশকে আরও উন্নত করবে। একইসঙ্গে প্রত্যন্ত এলাকার পড়ুয়ারাও প্রযুক্তিনির্ভর শিক্ষার সুযোগ পেয়ে বিভিন্ন বিষয়ে জ্ঞান ও দক্ষতা অর্জনে আরও এগিয়ে যেতে পারবে। নতুন এই উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষাক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হল বলেই মনে করছেন শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষানুরাগীরা।







