রতুয়া, ২ সেপ্টেম্বর: নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পড়ুয়াদের মধ্যে সচেতনতা বাড়াতে উদ্যোগী হল রতুয়া থানার পুলিশ। বুধবার ‘নেশামুক্ত ভারত’ কর্মসূচির আওতায় রতুয়ার ভালুকা রাইমোহন মোহিনী মোহন বিদ্যাপীঠ এবং সামসি এগ্রিল হাই স্কুলে আয়োজন করা হয় সচেতনতা শিবির।
শিবিরে পুলিশকর্মী ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা পড়ুয়াদের মাদকাসক্তির ভয়াবহ পরিণতি সম্পর্কে সচেতন করেন। বিশেষ করে ছাত্র ও যুবসমাজের একাংশ কীভাবে নেশার কবলে পড়ে নিজেদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে, তা তুলে ধরে পড়ুয়াদের নেশা থেকে দূরে থাকার বার্তা দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রতুয়া থানার আওতাধীন মোট সাতটি বিদ্যালয়কে এই সচেতনতা কর্মসূচির আওতায় আনা হয়েছে। বুধবার দুটি বিদ্যালয়ে শিবিরের আয়োজন করা হয়। আগামী দিনে আরও পাঁচটি বিদ্যালয়ে একইভাবে সচেতনতা কর্মসূচি চালানো হবে।
পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা। সামসি এগ্রিল হাই স্কুলের প্রধান শিক্ষক শৈলেশ পাণ্ডে বলেন, যুবসমাজকে নেশার ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে বিদ্যালয়স্তরে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।







