হরিশ্চন্দ্রপুর: প্রত্যন্ত এলাকার মাঠ থেকে এবার রাজ্য হকির মঞ্চে নজর কাড়ল মালদহের হরিশ্চন্দ্রপুরের কুশিদা হাই স্কুল। জওহরলাল নেহরু আন্তঃস্কুল হকি প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৫ বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে স্কুলের দল। মঙ্গলবার কলকাতার সল্টলেকের সাই-এর অ্যাস্ট্রোটার্ফে ফাইনালে হাওড়ার ডিবিএম বয়েজ হাই স্কুলকে ১-০ গোলে হারিয়ে শিরোপা দখল করে তারা।
রাজ্যের ১৬টি জেলার দল প্রতিযোগিতায় অংশ নেয়। মেদিনীপুর, কোচবিহার ও দার্জিলিংকে হারিয়ে ফাইনালে পৌঁছয় কুশিদার পড়ুয়ারা। এই সাফল্যের ফলে এবার দিল্লিতে জাতীয় স্তরের প্রতিযোগিতায় রাজ্যের প্রতিনিধিত্ব করবে দলটি।
স্কুলে হকির চর্চা শুরু হয় ২০১৯ সালে ক্রীড়া শিক্ষক হরিদাস মাহাতোর উদ্যোগে। স্কুলের সময়ের বাইরে নিয়মিত অনুশীলন করত পড়ুয়ারা। হরিদাস জানান, সীমিত সামর্থ্যের মধ্যেও স্কুল ও স্থানীয়দের সহযোগিতায় প্রশিক্ষণ চালিয়ে যাওয়া হয়েছে। প্রধান শিক্ষক মহম্মদ হাসিবও এই সাফল্যে উচ্ছ্বসিত।








