চাঁচল: শিশু শ্রম বন্ধে তৎপর হল চাঁচল মহকুমা শ্রম দফতর। শহরের বিভিন্ন হোটেল ও মিষ্টির দোকানে অভিযান চালিয়ে অপ্রাপ্তবয়স্কদের কাজে নিযুক্ত করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখেন দফতরের আধিকারিকরা। ভারতীনগর, নেতাজি মোড় ও কাজি নজরুল ইসলাম বাস টার্মিনাস সংলগ্ন একাধিক দোকান ও হোটেলে অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন চাঁচল মহকুমা শ্রম দফতরের সহকারী কমিশনার নৌসাদ আলি। তবে এদিনের অভিযানে কোনও শিশু শ্রমিকের সন্ধান মেলেনি বলে শ্রম দফতর সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি, বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত অসংগঠিত শ্রমিকদের নির্ধারিত মজুরি ও শ্রম সংক্রান্ত নিয়ম মেনে কাজ করানোর বিষয়ে মালিকদের সতর্ক করা হয়।
শ্রম দফতরের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, অপ্রাপ্তবয়স্কদের কাজে নিযুক্ত করার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করা হবে। আগামী দিনেও এই ধরনের অভিযান চলবে বলে জানানো হয়েছে।







