
চাঁচল, ৫ আগস্ট: পালাবদলের পর বাংলায় এক উল্লেখযোগ্য ধর্মীয় অনুষ্ঠানের সাক্ষী থাকল মালদার চাঁচল। বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের যুবক-যুবতীদের নিয়ে গঠিত নবজাগরণ সমিতি-র উদ্যোগে বুধবার চাঁচল রামলীলা ময়দানে বেদিসহ ২৩ ফুট উচ্চতার শ্রীরামচন্দ্রের মূর্তির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও ধর্মপ্রচারক হিরন্ময় গোস্বামী মহারাজ, এলাকার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি এবং দুই জনপ্রিয় হিন্দুত্ববাদী কনটেন্ট ক্রিয়েটর। পদযাত্রার মাধ্যমে অতিথিরা রামলীলা ময়দানে পৌঁছন। এরপর রাষ্ট্র বন্দনা, রাম বন্দনা এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় শ্রীরামচন্দ্রের মূর্তি।
উদ্যোক্তাদের দাবি, কলকাতার কুমোরটুলি থেকে বিশেষভাবে এই মূর্তিটি তৈরি করে আনা হয়েছে। মূর্তি উন্মোচনের পর রামলীলা ময়দান জুড়ে উৎসবের আবহ তৈরি হয়। ‘জয় শ্রী রাম’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা তাঁদের বক্তব্যে দেশ, ধর্ম এবং সনাতন সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরেন। শেষে ভক্ত ও উপস্থিত মানুষের মধ্যে প্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
উদ্যোক্তাদের আশা, ভবিষ্যতে চাঁচলের এই রামলীলা ময়দান এবং নবনির্মিত শ্রীরামচন্দ্রের মূর্তি রামভক্তদের কাছে একটি গুরুত্বপূর্ণ দর্শনীয় ও ধর্মীয় আকর্ষণ হিসেবে গড়ে উঠবে।







