মালদা: এবার কোটি কোটি টাকা উদ্ধার। বীরভূমের পর এবার মালদাতেও নিষিদ্ধ কফ সিরাপ পাচারচক্রের তদন্তে বড় সাফল্য পেল পুলিশ। ওষুধ ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে চলা ফেনসিডিল পাচারের অভিযোগে দক্ষিণ দিনাজপুর ও মালদা পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হয়েছে নগদ ২ কোটি ৮০ লক্ষ ৯৭ হাজার ৩৮০ টাকা, প্রায় ২০ গ্রাম সোনা এবং একটি ল্যাপটপ। পাশাপাশি খইহাট্টা এলাকার একটি গ্যারেজ থেকে উদ্ধার হয়েছে ৯ হাজার বোতল ফেনসিডিল, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লক্ষ টাকা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্তের সূত্র ধরেই মঙ্গলবাড়ির একটি ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়। সেখান থেকেই বিপুল পরিমাণ নগদ অর্থ, সোনা ও ল্যাপটপ উদ্ধার হয়। একইসঙ্গে খইহাট্টা এলাকার একটি গ্যারেজে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল বাজেয়াপ্ত করা হয়।
এই ঘটনায় গ্রেফতার হওয়া তিন অভিযুক্তকে দক্ষিণ দিনাজপুরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই পাচারচক্রের সঙ্গে একাধিক জেলার যোগাযোগ থাকতে পারে। গোটা চক্রের নেপথ্যে আর কারা রয়েছে এবং পাচারের নেটওয়ার্ক কতটা বিস্তৃত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
পুলিশের এই অভিযানে বিপুল পরিমাণ নগদ অর্থ ও নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধারের ঘটনায় জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।








