হরিশ্চন্দ্রপুর: মিড ডে মিলের রান্নার দায়িত্ব ইসকনের হাতে দেওয়ার প্রস্তাবের বিরোধিতায় হরিশ্চন্দ্রপুর ১ ও ২ নম্বর ব্লকে প্রতিবাদ সভা করল সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন। রবিবার সোনাকুল হাই মাদ্রাসা ও চণ্ডীপুরে অনুষ্ঠিত সভায় শতাধিক কর্মী অংশ নেন। উপস্থিত ছিলেন জেলা সম্পাদিকা সাথী চৌধুরী-সহ ইউনিয়নের নেতৃত্ব। সভা থেকে ১২ মাসের বেতন, পুজোর বোনাস, কোনও কর্মীকে ছাঁটাই না করা এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের সমান মজুরির দাবি তোলা হয়। পাশাপাশি আগামী ১৩ আগস্ট মালদা জেলা শাসকের দফতরে ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।







