

চাঁচল: সমাজের অসহায় ও আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে মালদার চাঁচলে রোটারি ক্লাবের উদ্যোগে চালু হল ‘ওল্ড ক্লথ ব্যাংক’। রবিবার নেতাজি মোড় সংলগ্ন এলাকায় মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা ফিতে কেটে এর উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন রোটারি ক্লাবের সভাপতি অভিষেক পান্ডে-সহ অন্যান্য সদস্যরা। সাধারণ মানুষের কাছ থেকে সংগ্রহ করা ব্যবহারযোগ্য পোশাক এখানে সংরক্ষণ করা হয়েছে, যা প্রয়োজন অনুযায়ী দুঃস্থরা সংগ্রহ করতে পারবেন। এদিন দুঃস্থদের পোশাক বিলি করার পাশাপাশি রোটারি অন্নপূর্ণা-র উদ্যোগে বহু অসহায় মানুষকে দুপুরে খাওয়ানো হয়। অভিষেক পান্ডে জানান, সমাজের সহযোগিতায় শুরু হওয়া এই পরিষেবা ভবিষ্যতেও নিয়মিত চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। মানবিক এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।







