হরিশ্চন্দ্রপুর: মেধা ও প্রতিভার স্বাক্ষর রেখে এবিটিএ আয়োজিত আন্তঃস্কুল সাংস্কৃতিক প্রতিযোগিতায় নজর কাড়ল মালদার হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের চণ্ডীপুর হাই স্কুল। শনিবার হরিশ্চন্দ্রপুরের কনুয়া হাই মাদ্রাসায় আয়োজিত প্রতিযোগিতায় ১৫টি ইভেন্টের মধ্যে ১০টিতে অংশ নিয়ে ৯টিতেই প্রথম স্থান অর্জন করে স্কুলের ছাত্রছাত্রীরা। পাশাপাশি একটি ইভেন্টে দ্বিতীয় এবং একটি ইভেন্টে তৃতীয় স্থানও দখল করে তারা।
স্কুল সূত্রে জানা গিয়েছে, বসে আঁকো প্রতিযোগিতায় বিভাগ-ক-এ প্রতাপ দাস, আবৃত্তিতে বিভাগ-ক-এ মুন দাস, বিভাগ-খ-এ তসফিয়া কানিজ এবং বিভাগ-গ-এ রোশনি খাতুন প্রথম হয়। হিন্দি আবৃত্তিতে বিভাগ-খ-এ ফারজানা রশিদ, প্রবন্ধ প্রতিযোগিতায় বিভাগ-ক-এ ফারজানা রশিদ, তাৎক্ষণিক বক্তৃতায় বিভাগ-ক-এ তামিম হোসেন ও বিভাগ-খ-এ মহম্মদ নিয়াজ এবং বিতর্ক প্রতিযোগিতায় একাদশ শ্রেণির ছাত্র মহম্মদ নিয়াজ প্রথম স্থান অর্জন করে।
স্কুলের শিক্ষক নীতিশ গুপ্ত জানান, প্রথম স্থানাধিকারীরা আগামী দিনে মহকুমা স্তরের প্রতিযোগিতায় অংশ নেবে। এই সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে খুশির আবহ তৈরি হয়েছে।







