চাঁচলঃ বৃহস্পতিবার মালদার চাঁচলে রাজবাড়ি লাগোয়া ঠাকুরবাড়ি থেকে সুসজ্জিত রথে মাসির বাড়িতে যাত্রা শুরু করবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। শহর প্রদক্ষিণ করে রথ পৌঁছাবে রায়পাড়ার শিবমন্দিরে। তার আগে রথযাত্রা সুষ্ঠভাবে সম্পন্ন করতে উদ্যোগী হল রথযাত্রা কমিটি। চাঁচলের পুরনো ও ঐতিহ্যবাহী এই রথযাত্রা অনেক পুরনো। কমিটির সভাপতি দীপঙ্কর রাম। চাঁচল রাজ ট্রাস্টি বোর্ডের সম্পাদক পার্থ চক্রবর্তী। বুধবার তারা সবকিছু খতিয়ে দেখেন। কমিটি সূত্রে জানা গেছে, রথের শোভাযাত্রায় কীর্তন, সাওতালি নাচ-সহ থাকবে রাজ্য সরকারের নানারকম সুসজ্জিত ট্যাবলো। তরলতলায় থাকবে জলসত্র, থাকবে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা। উল্লেখ্য, এবারে রাজ্য সরকার পাঁচ লক্ষ টাকা অনুদান দিয়েছে ঐতিহ্যবাহী এই রথযাত্রাকে। গত বছরের তুলনায় এবার আরও বর্ণাঢ্য আয়োজন থাকছে বলে পার্থ চক্রবর্তী জানিয়েছেন।







