চাঁচলঃ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে সমাজমাধ্যমে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে গ্রেফতার কনটেন্ট ক্রিয়েটর তরুণী। শুক্রবার রাতে ওই তরুণীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানানো হয়। তার ১২ ঘণ্টা বাদেই গ্রেফতার করা হয়েছে তরুণীকে। পুলিশ জানায়, ধৃতের নাম মুসু ইয়াসমিন। শনিবার তাকে চাঁচল মহকুমা আদালতে নিয়ে যাওয়ার সময় কঠোর শাস্তির দাবিতে থানার সামনে বিক্ষোভও দেখায় বিজেপি। মুসু ইয়াসমিন অফিসিয়াল নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই মন্তব্য করা হয়েছে বলে বিজেপি অভিযোগ জানায়। বিজেপির অভিযোগ, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশীদের জন্য সীমান্ত খোলা রেখেছেন বলে স্বরাষ্ট্রমন্ত্রী তার ভাষনে বলেছিলেন। সেই ভাষনকে সামনে রেখে স্বরাষ্ট্রমন্ত্রীকে অত্যন্ত কুরুচিকর ভাষায় নিশানা করা হয়। সেই ভিডিয়ো ফেসবুকে পোস্টও করা হয়(সত্যতা যাচাই করেনি উত্তরের নজর)। তরুণীকে আইটি অ্যাক্টে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।







