রতুয়া: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা প্রায় ১০০ মিটার কাঁচা রাস্তা পাকা করার দাবিতে সোমবার রতুয়া-১ ব্লকের বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখাল মহাদেবপুর মৌজার গুট্ঠিপাড়া এলাকার স্কুলপড়ুয়ারা। হাতে বেহাল রাস্তার ছবি ও প্ল্যাকার্ড নিয়ে তারা দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানায়। স্থানীয়দের অভিযোগ, বর্ষায় রাস্তায় হাঁটুসমান জল জমে যাতায়াত কার্যত বন্ধ হয়ে যায়। স্কুলপড়ুয়া, গ্রামবাসী এমনকি জরুরি পরিষেবার যানবাহনও সমস্যায় পড়ে। পরে বিডিওর কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়। যদিও এ বিষয়ে পঞ্চায়েত বা ব্লক প্রশাসনের কোনও প্রতিক্রিয়া মেলেনি। মহকুমা প্রশাসনের এক আধিকারিক জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে।






