রতুয়া: গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে রতুয়া থানার পুলিশ রবিবার রাতে দেবীপুর স্ট্যান্ড এলাকার একাধিক মুদি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সন্দেহভাজন ভেজাল সর্ষের তেল উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, নামী সংস্থার লেবেল ব্যবহার করে বিক্রির উদ্দেশ্যে রাখা ৬৭টি টিনে মোট প্রায় ১,০০৫ লিটার তেল বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হওয়া তেলের বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে অনুমান। ঘটনায় চার ব্যবসায়ী—অলোক সাহা, অমিত কুমার সাহা, উত্তম সাহা ও অশোক কুমার সাহাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার ধৃতদের চাঁচল মহকুমা আদালতে তোলা হলে পুলিশ ১৪ দিনের হেফাজতের আবেদন জানায়। ভেজাল তেল কোথা থেকে আনা হয়েছিল এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।






