ধর্মস্থানের জমি দখলের অভিযোগ মালতীপুরের বিধায়কের বিরুদ্ধে, পুলিশের মামলায় চাঞ্চল্য
উত্তরের নজর ব্যুরো: মালদার মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে একটি ধর্মস্থানের জমি অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে। মন্দিরের এক কর্মীর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ বিএনএসের একাধিক ধারায় মামলা রুজু করেছে, যার মধ্যে জামিন অযোগ্য ধারাও রয়েছে। অভিযোগ, জাল নথি তৈরি করে বিধায়ক-সহ আটজন জমি দখল করেছেন। কর্মীর ছেলের দাবি, অতীতেও অভিযোগ জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে বিধায়ক অভিযোগ অস্বীকার করে জানান, তিনি আইন মেনেই জমির একটি অংশ কিনেছেন এবং তার বৈধ দলিল রয়েছে। ধর্মস্থান কমিটির সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টির মীমাংসাও হয়েছিল বলে তাঁর দাবি। মালদার পুলিশ সুপার অনুপম সিংহ জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অনিয়মের প্রমাণ মিললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।






