চাঁচল: মানুষের সেবা মূল উদ্দেশ্য। সেই অঙ্গীকারকে সামনে রেখে মালদার চাঁচলে রোটারি ক্লাবের ২৪তম নতুন বোর্ডের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল। আয়োজন করা হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। রবিবার রাতে চাঁচলের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে রোটারির বিভিন্ন পদাধিকারী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেন অভিষেক পান্ডে, সম্পাদক পদে সমর্পণ পাল এবং কোষাধ্যক্ষ হয়েছেন পঙ্কজ কুমার ডালমিয়া। এদিন চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের ইন্টারেক্ট ক্লাবকে আনুষ্ঠানিকভাবে রোটারির সঙ্গে যুক্ত করা হয়। পাশাপাশি নেতাজি মোড়ে উদ্বোধন হয় ‘ওল্ড ক্লথ ব্যাংক’-এর, যেখানে সাধারণ মানুষের দেওয়া ব্যবহারযোগ্য পোশাক সংগ্রহ করে অসহায়দের মধ্যে বিতরণ করা হবে। অনুষ্ঠানে নতুন নেতৃত্বের সমাজসেবামূলক উদ্যোগের প্রশংসা করেন রোটারির প্রাক্তন পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর দীপঙ্কর রাম।







