হরিশ্চন্দ্রপুর: কাজের সন্ধানে মুম্বই গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল মালদহের হরিশ্চন্দ্রপুরের দুই নাবালক শ্রমিকের। মৃতরা খোপাকাঠি এলাকার মজিবুর রহমান (১৭) ও নাইম আখতার (১৬)। শুক্রবার রাতে কাজ শেষে বৃষ্টির সময় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকাকালীন একটি ডাম্পারের ধাক্কায় গুরুতর জখম হন তাঁরা। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে শনিবার ভোরে দু’জনেরই মৃত্যু হয়। দু’জনেই অত্যন্ত দরিদ্র পরিবারের সদস্য ছিলেন এবং সংসারের দায় কাঁধে নিয়েই মুম্বইয়ে কাজ করতে গিয়েছিলেন। মজিবুরের অন্তঃসত্ত্বা স্ত্রী রয়েছেন, আর নাইমের বাবা মানসিক ভারসাম্যহীন। মৃত্যুর খবর গ্রামে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে। প্রশাসন জানিয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী পরিবারগুলিকে প্রাপ্য সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।







