চাঁচল: আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বের পাশাপাশি মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন চাঁচলের এসডিপিও সোমনাথ সাহা। রবিবার রোটারি ক্লাব অব চাঁচলের উদ্যোগে ‘রোটারি ওল্ড ক্লথ ব্যাংক’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এক পথচলতি অসহায় বৃদ্ধকে দেখে তিনি নিজেই হাত ধরে ক্লথ ব্যাংকে নিয়ে যান। পরে তাঁর জন্য প্রয়োজনীয় পোশাক তুলে দেওয়ার ব্যবস্থা করেন। পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিকের এই আন্তরিক আচরণ উপস্থিত সকলের মন জয় করে। মুহূর্তটি ক্যামেরাবন্দি হয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই প্রশংসার ঢেউ ওঠে। অনেকেই বলেন, একজন দক্ষ পুলিশ আধিকারিকের পাশাপাশি সোমনাথ সাহার এই মানবিক মুখ সমাজের কাছে এক অনুকরণীয় দৃষ্টান্ত।







