
রতুয়াঃ প্রায় ১৬ ঘণ্টার তল্লাশির পর মালদার রতুয়া এলাকার মরা মহানন্দা নদী থেকে উদ্ধার হল তলিয়ে যাওয়া এক বৃদ্ধের মৃতদেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম আব্দুল কুদ্দুস (৭০)।
শনিবার দুপুরে নাতিকে সঙ্গে নিয়ে ঘুরঘুরামনি এলাকার মরা মহানন্দা নদীতে মাছ ধরতে যান তিনি। মাছ ধরার সময় অসাবধানতাবশত নদীতে তলিয়ে যান বৃদ্ধ। ঘটনার খবর পেয়ে বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা তল্লাশি অভিযান শুরু করেন।
দীর্ঘ অনুসন্ধানের পর শনিবার রাত প্রায় ১০টা নাগাদ নদী থেকে আব্দুল কুদ্দুসের মৃতদেহ উদ্ধার করা হয়। রবিবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ।







