
চাঁচল: মোটরবাইকের পিছনে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক গৃহবধূর। গুরুতর যখম হয়েছেন তার স্বামী ও ৯ বছরের মেয়ে। মালদার চাঁচলের জিয়াগাছিতে ৩১ নম্বর জাতীয় সড়কের উপরে শনিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃতার নাম, বিউটি খাতুন (৩২)। গুরুতর জখম কাউসার আজম ও খানসা আজমি সামসি হাসপাতালে ভর্তি। পুলিশ সূত্রে জানা যায়, বিউটির বাড়ি চাঁচলের ধনজনা গ্রামে। মেয়ে খানসা সামসির একটি বেসরকারি স্কুলে চতুর্থ শ্রেণীর আবাসিক ছাত্রী। তাকে রাখতে এদিন সামসি যাচ্ছিলেন বাবা-মা। ওই সময় পিছন থেকে গাজলগামী ট্রাকের ধাক্কায় তারা ছিটকে পড়েন। ট্রাকটি পালিয়ে যায়। তিনজনকে উদ্ধার করে স্থানীয়রা সামসি হাসপাতালে নিয়ে যাযন। সেখানেই বিউটির মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানিয়ে দেন। পুলিশ লরির খোঁজে তল্লাশি শুরু করেছে।







