হরিশ্চন্দ্রপুরঃ মোবাইল চুরির একটি ঘটনায় তদন্তে নেমে পুলিশ উদ্ধার করল ২৭টি চোরাই মোবাইল। মালদার হরিশ্চন্দ্রপুরের ঘটনা। পুলিশ জানায়, ধৃতের নাম নাইমুল হক। তার বাড়ি খোরপোরিয়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৩০ জুন হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা রাকিবুল ইসলামের বাড়ি থেকে তার মোবাইল ফোন চুরি হয়। তিনি পুলিশে অভিযোগ জানান। ওই চুরির ঘটনার তদন্তে নেমে পুলিশ লোকেশন দেখে নাইমুলকে গ্রেফতার করে। পরে তাকে আদালতের মাধ্যমে তিনদিনের হেফাজতে নেয় পুলিশ। সে মোবাইল চুরির পাণ্ডা বলে পুলিশ জানতে পারে। আদালতের মাধ্যেমে তাকে তিনদিনের হেফাজতে নেয় পুলিশ। এরপর নাইমুলের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ ২৭টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করে। ওই চুরি হওয়া মোবাইল ফোন এবার প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।








