আবাস যোজনার সমীক্ষা করা হচ্ছে রাতে। যাদের পাকা বাড়ি রয়েছে, তারা রাতের অন্ধকারে গোয়ালঘর দেখিয়ে দিয়ে তালিকায় নাম তোলার চেষ্টা করছে। এমনই অভিযোগ উঠেছে মালদার চাঁচল-২ ব্লকের ভাকরি গ্রাম পঞ্চায়েতের গৌরীপুরে। কেন রাতে সমীক্ষা, সেই প্রশ্ন উঠেছে। অনিয়ম করতেই রাতে সমীক্ষা বলে অভিযোগ স্থানীয়দের একাংশের। ঘটনার জেরে সমীক্ষায় যাওয়া পঞ্চায়েতের কর্মীকে ঘিরে বিক্ষোভও দেখান স্থানীয়রা। গ্রাম পঞ্চায়েতের সিপিএম সদস্যের মদতে প্রকৃত উপভোক্তাদের বঞ্চিত করে তালিকা হচ্ছে বলে অভিযোগ। তাদের অভিযোগ, যাদের পাকা বাড়ি নেই, তাদের বাড়িতে সমীক্ষা করা হচ্ছে না। করলেও বাদ দেওয়া হবে বলে আশঙ্কা তাদের। যদিও অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন সিপিএম সদস্য হাবিব হাসান তাজ।








