চাঁচল: টায়ার পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারল ইটবোঝাই ম্যাটাডোর। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে চাঁচল-আশাপুর রাজ্য সড়কের কলিগ্রাম সংলগ্ন পাকুরতলা এলাকায়। ঘটনায় চালক-সহ তিনজন গুরুতর আহত হয়েছেন বলে খবর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাকুরতলার ওই এলাকায় রাস্তার বাঁকে চলন্ত ম্যাটাডোরটির সামনের চাকার টায়ার পাংচার হয়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার ডানদিকে থাকা একটি মোটা গাছে সজোরে ধাক্কা মারে। বিকট শব্দে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহত চালক ও দুই শ্রমিককে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
ধাক্কার জেরে গাড়িটির সামনের কাচ-সহ একাধিক অংশ ভেঙে যায়। ক্ষতিগ্রস্ত হয় গাছটিও। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি রাস্তার অর্ধেক অংশ আটকে থাকায় যান চলাচলে সমস্যা দেখা দিয়েছে। বুধবার চাঁচলের সাপ্তাহিক হাট রয়েছে। ফলে রাস্তায় যানবাহনের চাপও বেশি। দ্রুত গাড়িটি সরানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।






