গাজোল: দুর্গাপুজোর মূল দিনগুলি পেরিয়ে গেলেও উৎসবের রেশ এখনও অমলিন। মা দুর্গার বিদায়ের বিষাদ ভুলে বিজয়ার আনন্দে মেতে উঠল মালদার গাজোল থানা প্রাঙ্গণ। শুক্রবার রাতে গাজোল থানা নারী শক্তি সার্বজনীন পুজো কমিটির উদ্যোগে আয়োজিত হল পুরুলিয়ার ঐতিহ্যবাহী ছৌ নাচের অনুষ্ঠান।
ছৌ শিল্পীদের নিখুঁত শারীরিক কসরত, বর্ণময় মুখোশ আর ধামসা-মাদলের তালে মুহূর্তেই জমে উঠল গোটা থানা চত্বর। ছৌ নাচের মাধ্যমে দেবী দুর্গার হাতে অসুর বধের কাহিনি জীবন্ত হয়ে উঠল শিল্পীদের পরিবেশনায়। নাচের ছন্দে আর পৌরাণিক কাহিনির উপস্থাপনায় মুগ্ধ হয়ে যান উপস্থিত দর্শকরা। অনুষ্ঠান ঘিরে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজোল থানার আইসি কৌশিক বন্দ্যোপাধ্যায়, এসআই সোনালী রায়, এএসআই রাজু দে, বাবাই ভট্টাচার্য, প্রদীপ যাদব, মলয় দাস, বিকাশ দাস-সহ থানার অন্যান্য পুলিশ আধিকারিকরা। ঐতিহ্যবাহী ছৌ নাচের আয়োজন বিজয়ার আনন্দে বাড়তি মাত্রা যোগ করে।






