মালদহ: দশমীর রাতেই অশান্তি ছড়াল মালদহের মহদিপুরের রামকেলী এলাকায়। পুরোনো শত্রুতাকে কেন্দ্র করে সুমিত ঘোষ (৩২) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে খুনের অভিযোগ উঠেছে তাঁর প্রতিবেশীদের বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে দুই পক্ষের সংঘর্ষে এক মহিলা-সহ আরও দু’জন আহত হয়েছেন বলে খবর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবক রামকেলীর বাসিন্দা ছিলেন। পেশায় দুধ ব্যবসায়ী সুমিতের রাজনৈতিক পরিচয় নিয়েও শুরু হয়েছে চাপানউতোর। পরিবারের দাবি, তিনি বিজেপির কর্মী ছিলেন। অন্যদিকে, অভিযুক্ত শত্রু ঘোষ তৃণমূলের কর্মী হিসেবে পরিচিত বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে।
অভিযোগ, বুধবার রাতে শত্রু ঘোষের অনুগামীরা হাঁসুয়া নিয়ে সুমিতের উপর চড়াও হন। সেই সময় গুলি চালানোর অভিযোগও উঠেছে। পরে পাল্টা হামলার ঘটনায় এক মহিলা-সহ দু’জন জখম হন। আহত তিনজনকেই উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সুমিতকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখতে চলছে টহলদারি।







