হরিশ্চন্দ্রপুর: আর মাত্র দু’দিন পরেই পুজোর আবহে মেতে ওঠার অপেক্ষা। চারদিকে উৎসবের প্রস্তুতি, ঘরে ঘরে আনন্দের আয়োজন। কিন্তু পুজোর মুখেই এক মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এল হরিশ্চন্দ্রপুরের কাশিমপুরে। দুধ দিতে যাওয়ার পথেই লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন স্থানীয় বাসিন্দা দীপক দাস (৫৫)।
মঙ্গলবার সকাল ১১টা নাগাদ ৮১ নম্বর জাতীয় সড়কে কাশিমপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। প্রতিদিনের মতো সাইকেলে দুধ দিতে পাশের পিপলা গ্রামে যাচ্ছিলেন দীপকবাবু। জাতীয় সড়কে ওঠার সময় তুলসীহাটার দিক থেকে আসা একটি লরি তাঁকে ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পড়তেই লরির চাকা তাঁর শরীরের উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার পর লরিটি ফেলে পালিয়ে যায় চালক ও খালাসি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ময়নাতদন্তের জন্য দেহটি মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। উৎসবের মুখে এমন আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ কাশিমপুর। আনন্দের প্রস্তুতির মাঝেই এক পরিবারের ঘরে নেমে এল গভীর শোকের অন্ধকার।







