মালদা: নেশা ও জুয়ার আসরের প্রতিবাদ করায় এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল। ঘটনাটি ইংলিশবাজার পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের মিশন ঘাট এলাকার। আহত বিজেপি কর্মী কৌশিক সরকার মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অভিযোগ, বৃহস্পতিবার রাতে মদ ও জুয়ার আসরের প্রতিবাদ করায় রাজু কুণ্ডু ও তাঁর দলবল তাঁকে মারধর করে। যদিও অভিযোগ অস্বীকার করে রাজুর দাবি, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। ঘটনার সময় তিনি বাড়িতেই ছিলেন, যার প্রমাণ তাঁর বাড়ির সিসিটিভি ক্যামেরায় রয়েছে বলেও দাবি করেন তিনি। বিষয়টি জেলা বিজেপি নেতৃত্বকে লিখিতভাবে জানিয়েছেন বলেও জানান রাজু। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে দু’জনকে আটক করা হয়েছে।







