হরিশ্চন্দ্রপুর, ৯ অক্টোবর: পুরনো জমি বিবাদের জেরে ফের রক্তাক্ত হরিশ্চন্দ্রপুর। গভীর রাতে মাঝরাস্তায় সাইকেলে করে বাড়ি ফেরার পথে কাকাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারার অভিযোগ উঠল ভাইপো ও তার সঙ্গীদের বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন বছর পঞ্চাশের আনসার আলী। তাঁর চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে চাঁচল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাহিদ আলী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ জমি থেকে সাইকেলে করে রাজ্য সড়ক ধরে বাড়ি ফিরছিলেন আনসার আলী। অভিযোগ, সেই সময় বাইকে করে পিছন থেকে তাঁকে ধাওয়া করে তাঁর ভাইপো ও কয়েকজন সঙ্গী। কিছুটা যাওয়ার পর মোটরসাইকেল নিয়ে তাঁর পথ আটকায় অভিযুক্তরা। এরপরই ধারালো অস্ত্র দিয়ে আনসারের উপর একের পর এক কোপ চালানো হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি।
আনসারের চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের তৎপরতায় রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে গ্রামবাসীরা পৌঁছনোর আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্তরা।
ঘটনার তদন্তে নেমে শাহিদ আলি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত শাহিদ আনসারের ভাই। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
পুরনো জমি বিবাদকে কেন্দ্র করে এই রক্তাক্ত হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কী কারণে এই হামলা এবং এর নেপথ্যে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।







