উত্তরের নজর ব্যুরো: বাংলা টেলিভিশন জগতের পরিচিত সঞ্চালিকা পাপিয়া সিংহ আর নেই। বৃহস্পতিবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর।
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে টেলিভিশনের পর্দায় সঞ্চালিকা ও সংবাদপাঠক হিসেবে দর্শকদের কাছে পরিচিতি তৈরি করেছিলেন পাপিয়া। তাঁর সাবলীল উপস্থাপনা, স্পষ্ট উচ্চারণ এবং বাংলা ভাষার প্রতি যত্ন তাঁকে আলাদা পরিচিতি দিয়েছিল।
সংবাদপাঠের পাশাপাশি আবৃত্তিতেও ছিল তাঁর দক্ষতা। দীর্ঘদিনের পেশাগত জীবনে নিজের স্বতন্ত্র উপস্থাপনা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি।
কিছুদিন ধরে মারনরোগ ক্যানসারের সঙ্গে লড়াই চলছিল তাঁর। চিকিৎসাধীন অবস্থাতেই বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়। পাপিয়ার প্রয়াণে বাংলা টেলিভিশন ও সংবাদমাধ্যমের জগতে নেমে এসেছে শোকের ছায়া।
পরিবারের সদস্য, সহকর্মী ও অনুরাগীদের কাছে তাঁর এই আকস্মিক প্রয়াণ গভীর বেদনার হয়ে রইল।







