মালদা: পুজোর প্রাক্কালে মালদার মানিকচকে মুখ্যমন্ত্রীকে ঘিরে দেখা গেল ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস। বৃহস্পতিবার দুপুর ১টা ২০ মিনিট নাগাদ মুখ্যমন্ত্রীর চপার মানিকচক কলেজ সংলগ্ন মাঠে অবতরণ করে। এরপর গাড়িতে করে তিনি রওনা দেন মথুরাপুরের সভামঞ্চের উদ্দেশ্যে।
মুখ্যমন্ত্রীর যাত্রাপথের দু’ধারে সকাল থেকেই বহু মানুষ অপেক্ষা করছিলেন। মুখ্যমন্ত্রীকে সামনে থেকে এক ঝলক দেখতে রাস্তার পাশে ভিড় জমান সাধারণ মানুষ। তাঁর গাড়ি এগিয়ে যেতেই শুরু হয় পুষ্পবৃষ্টি ও উষ্ণ অভ্যর্থনা। স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কার্যত উৎসবের আবহ তৈরি হয় গোটা এলাকায়।
এই অভ্যর্থনায় সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলাদেরও উল্লেখযোগ্য উপস্থিতি চোখে পড়ে। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে তাঁদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ।
মথুরাপুরে সভামঞ্চে পৌঁছে মুখ্যমন্ত্রী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। পাশাপাশি বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে ত্রাণ সংক্রান্ত কর্মসূচিও রয়েছে। পরে মানিকচক কলেজে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে একটি রিভিউ মিটিং করবেন মুখ্যমন্ত্রী।
পুজোর আগে মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে মানিকচকে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস ও উষ্ণ অভ্যর্থনা এদিন বিশেষ নজর কাড়ে।







