
সামসি: রক্তের কোনও বিকল্প নেই। এক ব্যাগ রক্তই সংকটের মুহূর্তে বাঁচিয়ে দিতে পারে একটি প্রাণ। সেই বার্তাকে সামনে রেখে রবিবার মালদহের সামসি এগ্রিল হাইস্কুলে বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হল ‘সেবা সংকল্প অভিযান’-এর অঙ্গ হিসেবে স্বেচ্ছায় রক্তদান শিবির।
শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন মোট ৫২ জন। আয়োজকদের বক্তব্য, রক্তের চাহিদা মেটাতে শুধু প্রয়োজনের সময় নয়, নিয়মিত স্বেচ্ছায় রক্তদানের অভ্যাস গড়ে তোলা জরুরি। কারণ একজনের দেওয়া রক্তে বাঁচতে পারে মুমূর্ষু রোগী, দুর্ঘটনাগ্রস্ত কিংবা অস্ত্রোপচারের অপেক্ষায় থাকা কোনও মানুষের জীবন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর মালদহের সাংসদ খগেন মুর্মু, বিজেপির উত্তর মালদহ সাংগঠনিক জেলার সম্পাদক অভিষেক সিংহানিয়া, সামসি এগ্রিল হাইস্কুলের প্রধান শিক্ষক শৈলেশ পান্ডে-সহ বিশিষ্টজনেরা।
এদিন স্কুলের বিভিন্ন প্রয়োজনের কথাও সাংসদের সামনে তুলে ধরে স্কুল কর্তৃপক্ষ। বিশেষ করে বিদ্যুৎ সরবরাহের সমস্যা মেটাতে একটি ডিজি জেনারেটরের দাবি জানানো হয়। স্কুলের প্রধান শিক্ষক জানান, সাংসদ জেনারেটর দেওয়ার আশ্বাস দিয়েছেন।






