মালদা: পারিবারিক অশান্তিকে কেন্দ্র করে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূ। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার নতুন নঘরিয়া নীচুটোলা এলাকায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, নীচুটোলা এলাকার বাসিন্দা কাস্তুরি বিবির সঙ্গে প্রায় ১২ বছর আগে নুর আলম শেখের বিয়ে হয়। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পরিবারের দাবি, বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে পারিবারিক অশান্তি চলছিল। প্রায় চার মাস আগে নুর আলমের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগও করা হয়েছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
পরিবার সূত্রে আরও জানা যায়, নুর আলম পেশায় শ্রমিক। কাজের সূত্রে কয়েক মাস ধরে তিনি ভিনরাজ্যে ছিলেন। তিন দিন আগে তিনি বাড়ি ফেরেন।
শনিবার সকালে কাস্তুরি তাঁর বাবার বাড়িতে ছিলেন। পরিবারের অভিযোগ, সেই সময় নুর আলম সেখানে এসে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করেন। ঘটনায় গুরুতর জখম হন কাস্তুরি। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।
ঘটনাকে কেন্দ্র করে পরিবারের পক্ষ থেকে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার প্রকৃত কারণ এবং অভিযোগের সত্যতা তদন্তের পরই স্পষ্ট হবে।






