পুরাতন মালদা: পুরনো পঞ্চায়েত ভোটের বিবাদকে কেন্দ্র করে সোমবার রাতে উত্তেজনা ছড়াল পুরাতন মালদার মঙ্গলবাড়ির নলডুবি এলাকায়। বিজেপির প্রাক্তন পঞ্চায়েত প্রার্থী মিলন ঘোষ-সহ কয়েকজন কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের পঞ্চায়েত সদস্য রিপন বর্মন ও তাঁর পরিবারের বিরুদ্ধে। ঘটনার জেরে অভিযুক্তের বাড়ির সামনে বিক্ষোভের পাশাপাশি একটি দোকান, গাড়ি ও অটোতে ভাঙচুরের অভিযোগ ওঠে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রিপন বর্মন-সহ পরিবারের কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ। বিজেপির পঞ্চায়েত সদস্য শিবু ঘোষ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।







