উত্তরের নিউজ ব্যুরো: রাজ্যের মৎস্য খাতের উন্নয়ন ও মৎস্যজীবীদের জন্য বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে পশ্চিমবঙ্গকে প্রায় ৯ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র। নিউ টাউনে কেন্দ্র ও রাজ্যের উচ্চপর্যায়ের বৈঠকে মৎস্য উৎপাদন, রফতানি এবং মৎস্যজীবীদের নিরাপত্তা নিয়ে একাধিক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে রাজ্যের উপকূলীয় এলাকা ও সুন্দরবনে চিংড়ি ও কাঁকড়া চাষ বাড়ানোর পাশাপাশি পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় অ্যাকোয়াকালচার সম্প্রসারণের পরিকল্পনা উঠে আসে। গভীর সমুদ্রে যাওয়া মাছ ধরার নৌকায় আরও এক হাজার উপগ্রহ-সংযুক্ত ট্রান্সপন্ডার বসানোর কথা জানানো হয়েছে। এর মাধ্যমে দুর্যোগের সতর্কবার্তা, নৌকার অবস্থান জানা এবং যোগাযোগের সুবিধা মিলবে।
কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, দেশে গত এক দশকে মাছ উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগামী দিনে প্রসেসিং, প্যাকেজিং, কোল্ড চেন ও ব্র্যান্ডিংয়ে জোর দিয়ে বাংলার মাছের রফতানি বাড়ানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে।







