মালদা: ভূতনিতে বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তিনটি পঞ্চায়েতের বহু এলাকা জলমগ্ন দশা থেকে মুক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রায় দু’ফুট জল কমায় বেশ কিছু রাস্তায় মোটরবাইক চলাচলও শুরু হয়েছে। রবিবার ভূতনি ব্রিজ সংলগ্ন এলাকা পরিদর্শন করেন মানিকচকের বিধায়ক গৌড়চন্দ্র মণ্ডল। স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজ নেন তিনি। জল নামায় ধীরে ধীরে নৌকার সংখ্যা কমানো হতে পারে বলে জানান। ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট দ্রুত সংস্কারের আশ্বাসও দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভূতনি ব্রিজ থেকে বিনামূল্যে বাস পরিষেবা চলবে। এদিকে, ভূতনির প্রায় ৭৬৩ জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে মথুরাপুরের দু’টি স্কুলে রাখা হয়েছে। মানিকচক কলেজে তাঁদের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। আগামী দু’দিনের মধ্যে বিদ্যুৎ পরিষেবাও স্বাভাবিক হবে বলে জানান বিধায়ক।







