হরিশ্চন্দ্রপুর, ২০ সেপ্টেম্বর: সংগঠনকে আরও শক্তিশালী করা এবং ইমাম-মুয়াজ্জিনদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনার লক্ষ্যে রবিবার হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের কনুয়া উৎসব ভবনে অনুষ্ঠিত হল ‘অল বেঙ্গল ইমাম-মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট’-এর জেলা কর্মী সম্মেলন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের কর্মী ও সদস্যরা সম্মেলনে যোগ দেন।
সম্মেলনে মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ইমামদের বেতন বৃদ্ধির জন্য মসজিদ কমিটিগুলির কাছে আবেদন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলির নথিপত্র ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা এবং ভোটার তালিকা থেকে বাদ পড়া বৈধ ভোটারদের আইনি সহায়তা দেওয়ার মতো বিষয় নিয়ে আলোচনা হয়।
এছাড়াও বাল্যবিবাহ প্রতিরোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। ইমাম-মুয়াজ্জিনদের পাশাপাশি পুরোহিতদের জন্যও ভাতার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করার কথা জানানো হয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য সাধারণ সম্পাদক মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস, জেলা সভাপতি মাওলানা আজিজুর রহমান, জেলা সম্পাদক মাওলানা সেফাতুল-সহ অন্যান্য বিশিষ্টরা।







