হরিশ্চন্দ্রপুর, ১৮ সেপ্টেম্বর: খুঁটি পুজোর মধ্য দিয়ে দুর্গোৎসবের প্রস্তুতি শুরু করল হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের পিপলা এলাকার রামকৃষ্ণ ফ্যান ক্লাব। শুক্রবার বিকেলে ক্লাব প্রাঙ্গণে আয়োজিত হয় খুঁটি পুজো। উপস্থিত ছিলেন পুজো কমিটির সদস্যদের পাশাপাশি এলাকার বাসিন্দারাও।
উদ্যোক্তারা জানান, ২০০৬ সাল থেকে রামকৃষ্ণ ফ্যান ক্লাবের উদ্যোগে এই দুর্গাপুজো হয়ে আসছে। এবার ২১ বছরে পা দিল পুজো। প্রতি বছরই নতুন ভাবনায় মণ্ডপসজ্জার মাধ্যমে দর্শনার্থীদের আকর্ষণের চেষ্টা করেন উদ্যোক্তারা। এবারের বিশেষ আকর্ষণ বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমারকে ঘিরে থিম।
পুজো কমিটি সূত্রে জানা গিয়েছে, উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে এবারের থিম ‘লোকশিল্পে শতবর্ষে মহানায়ক উত্তম কুমার’। লোকশিল্পের বিভিন্ন আঙ্গিকে মণ্ডপ সাজিয়ে তোলার পাশাপাশি উত্তম কুমারের অভিনয়জীবন এবং বাংলা চলচ্চিত্রে তাঁর অবদানও মণ্ডপসজ্জায় তুলে ধরা হবে। নবপ্রজন্মের কাছে মহানায়কের শিল্পজীবনকে নতুনভাবে তুলে ধরাই এই ভাবনার মূল উদ্দেশ্য বলে জানান উদ্যোক্তারা।
পুজো কমিটির দাবি, প্রতি বছর মালদহের বিভিন্ন প্রান্তের পাশাপাশি প্রতিবেশী বিহার থেকেও বহু দর্শনার্থী এই পুজো দেখতে আসেন। এবারও দর্শনার্থীদের ভিড় বাড়বে বলে আশা তাঁদের। পুজো, মণ্ডপসজ্জা ও অন্যান্য আয়োজন মিলিয়ে এবারের বাজেট পাঁচ লক্ষাধিক টাকা।
খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন পুজো কমিটির সভাপতি অজয় পাশওয়ান, সম্পাদক মনোজ দাস, পৃষ্ঠপোষক উৎপল দাস ও কৌশিক মিশ্র-সহ কমিটির অন্যান্য সদস্যরা। খুঁটি পুজোর পর থেকেই মণ্ডপ তৈরির কাজ পুরোদমে শুরু হবে বলে ক্লাব সূত্রে জানানো হয়েছে।







