মালদা, ১৮ সেপ্টেম্বর: চারদিকে শুধু জল আর জল। ঘরবাড়ি হারিয়ে বিপাকে বহু পরিবার। এমন পরিস্থিতিতে বই-খাতার বাইরে মানবিকতার পাঠ নিয়েই বানভাসি মানুষের পাশে দাঁড়ালেন ভাদো বিএসবি হাই স্কুলের শিক্ষকরা। শুক্রবার দ্বিতীয় দফায় নৌকায় চেপে ভূতনি ও বিলাইমারি এলাকায় পৌঁছে ২২৫টি বন্যাদুর্গত পরিবারের হাতে তুলে দেওয়া হল ত্রাণসামগ্রী।
মুড়ি, চিড়ে, গুড়, বিস্কুট ও পানীয় জলের পাশাপাশি প্রতিটি পরিবারের হাতে দেওয়া হয় মোমবাতি, মশা নিধনকারী সামগ্রী, দেশলাই ও সাবান। দুর্গত এলাকায় পৌঁছতে নৌকাই ছিল একমাত্র ভরসা।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফুল ইসলাম বলেন, দুর্গত মানুষের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ। আগামী দিনেও সাধ্য অনুযায়ী তাঁদের পাশে থাকার চেষ্টা করা হবে। শিক্ষকদের এই উদ্যোগে স্বস্তি ফিরেছে বহু বানভাসি পরিবারের মুখে।







