হরিশ্চন্দ্রপুর: ধর্মের গণ্ডি পেরিয়ে সম্প্রীতির বার্তা হরিশ্চন্দ্রপুরে। গণেশ চতুর্থী উপলক্ষে প্রতিবারের মতো এবারও ইয়ং বয়েজ ক্লাবের উদ্যোগে আয়োজিত হল গণেশ পুজো। পুজোকে ঘিরে এলাকায় উৎসবের আমেজ। তবে উৎসবের থেকেও নজর কাড়ছে এই পুজোর সঙ্গে জড়িয়ে থাকা সাম্প্রদায়িক সম্প্রীতির ছবি।
প্রায় এক দশকেরও বেশি সময় ধরে হরিশ্চন্দ্রপুরে গণেশ পুজোর আয়োজন করে আসছে ইয়ং বয়েজ ক্লাব। উদ্যোক্তাদের দাবি, এই পুজোকে ঘিরে প্রতি বছরই হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের যুবকরা একসঙ্গে অংশ নেন। এবারও তার ব্যতিক্রম হয়নি।
এ বছর পুজোর বাজেট প্রায় আড়াই লক্ষ টাকা। চার দিন ধরে চলবে নানা অনুষ্ঠান। সাংস্কৃতিক কর্মসূচির পাশাপাশি রয়েছে নরনারায়ণ সেবা, বস্ত্র বিতরণ-সহ একাধিক সমাজসেবামূলক উদ্যোগ।
এদিন পুজোমণ্ডপ পরিদর্শন করেন এলাকার বিধায়ক মতিবুর রহমান এবং জেলা পরিষদ সদস্য বুলবুল খান। তাঁদের বক্তব্য, দীর্ঘদিন ধরে এই গণেশ পুজো এলাকার মানুষের মধ্যে সৌভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও মজবুত করে আসছে। উৎসবের এই আবহে ধর্মীয় সম্প্রীতির এমন ছবি নিঃসন্দেহে এলাকার মানুষের কাছে এক ইতিবাচক বার্তা।







