রতুয়া, ১৪ সেপ্টেম্বর: মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং মালদা জেলা পুলিশের উদ্যোগে রতুয়া-১ ব্লকের মহানন্দটোলা ও বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের বন্যাদুর্গতদের হাতে তুলে দেওয়া হল ত্রাণসামগ্রী। সোমবার দুর্গতদের পাশে দাঁড়িয়ে পোশাক, মশারি, খাদ্যসামগ্রী-সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ করেন জেলা পুলিশের আধিকারিকরা। উপস্থিত ছিলেন মালদা জেলা পুলিশ সুপার অনুপম সিং, অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায়, চাঁচলের এসডিপিও সোমনাথ সাহা, রতুয়া থানার আইসি অভিষেক ভট্টাচার্য-সহ অন্যান্য পুলিশকর্মীরা।
প্রথমে নরোত্তমপুর কাহালা উচ্চ বিদ্যালয়ের ত্রাণশিবিরে পৌঁছে নরোত্তমপুর ও মহানন্দটোলার দিয়ারা এলাকার দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। এরপর স্পিডবোটে করে বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের রুহিমারি ত্রাণশিবিরে পৌঁছন পুলিশ আধিকারিকরা। সেখানে বন্যাদুর্গতদের খাদ্যসামগ্রীর পাশাপাশি শিশুদের জন্য বেবি ফুডও তুলে দেওয়া হয়।
পুলিশ সুপার অনুপম সিং জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে বন্যাদুর্গতদের জন্য পাঠানো ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। তাঁর দাবি, গত বছরের তুলনায় এবার বেশি পরিমাণে ত্রাণ দেওয়া হয়েছে। জেলা প্রশাসনকে আরও বেশি সংখ্যক দুর্গত পরিবারের কাছে দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে বলা হবে বলেও জানান তিনি।
পাশাপাশি স্থানীয় বিধায়ক সমর মুখার্জিকেও ব্যক্তিগত ফান্ড থেকে বন্যাদুর্গতদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান পুলিশ সুপার।







