মালদা: ভয়াবহ বন্যায় কার্যত বিচ্ছিন্ন মালদার ভূতনি দ্বীপ। একের পর এক এলাকা জলের তলায় চলে যাওয়ায় বিপাকে হাজার হাজার দুর্গত মানুষ। এই পরিস্থিতিতে উদ্ধার ও ত্রাণকাজে গতি আনতে ভূতনিতে নামানো হল ভারতীয় সেনাবাহিনী। ১৭ জনের বিশেষ প্রশিক্ষিত সেনাদল ইতিমধ্যেই বন্যাকবলিত এলাকায় কাজ শুরু করেছে।
দুটি বোটে করে ভূতনির বিভিন্ন জলমগ্ন এলাকায় পৌঁছে দুর্গতদের পরিস্থিতি খতিয়ে দেখছেন সেনা জওয়ানরা। বিপন্ন মানুষদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া এবং দ্রুত প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়াই এখন তাঁদের প্রধান লক্ষ্য।
বন্যার জলে বহু এলাকা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ায় সাধারণ উদ্ধারকারী দলের কাছে দুর্গতদের কাছে পৌঁছনো কঠিন হয়ে উঠেছিল। সেই পরিস্থিতিতেই সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষিত দলকে কাজে নামানো হয়েছে। সেনার তৎপরতায় দুর্গতদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। বন্যার পরিস্থিতির উপর নজর রেখে আরও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।







