মালদহ: বন্যার জলে কার্যত বিপর্যস্ত মালদার মানিকচকের ভুতনি। বিস্তীর্ণ এলাকা জলের তলায়। বহু জায়গায় যোগাযোগের একমাত্র ভরসা এখন নৌকা। এই পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়িয়ে ত্রাণ পৌঁছে দিতে শুক্রবার ভুতনির প্রত্যন্ত এলাকায় নৌকায় পাড়ি দিল প্রশাসনের বিশেষ দল।
জলমগ্ন এলাকার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন মালদার জেলাশাসক রাজনবীর সিং কপুর, উত্তরবঙ্গের আইজি সুকেশ জৈন, পুলিশ সুপার অনুপম সিং এবং সংশ্লিষ্ট বিডিও অভিষেক চৌধুরী। দুর্যোগ মোকাবিলায় মোতায়েন সেনাবাহিনীর সদস্যদের সঙ্গেও তাঁরা দুর্গত এলাকায় যান। প্রত্যন্ত এলাকায় পৌঁছে বন্যাকবলিত মানুষের হাতে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।
পরে একটি বন্যা আশ্রয়কেন্দ্রও পরিদর্শন করেন প্রশাসনের আধিকারিকেরা। বন্যার জলে ঘরবাড়ি, রাস্তা ও বিস্তীর্ণ এলাকা ডুবে থাকায় চরম দুর্ভোগে রয়েছেন বাসিন্দারা। তবে বিপর্যয়ের এই পরিস্থিতিতে প্রশাসন যে তাঁদের পাশে রয়েছে, নৌকায় চেপে আধিকারিকদের সরেজমিনে পৌঁছে ত্রাণ বিলির ঘটনায় সেই বার্তাই স্পষ্ট হয়েছে।







