হরিশ্চন্দ্রপুর: মাছ-মাংস নিয়ে চলতি আলোচনার আবহেই দুর্গাপুজোর খুঁটিপুজোর মঞ্চ থেকে ‘খোলা হাওয়ায় পুজো’র বার্তা দিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। শুক্রবার হরিশ্চন্দ্রপুর সদর এলাকার থানা হাটখোলা সার্বজনীন দুর্গাপুজোর খুঁটিপুজোয় যোগ দেন তিনি।
সেখানেই প্রিয়াঙ্কা বলেন, ‘‘এবার খোলা হাওয়ায় পুজো হবে। কোনও পাহারা থাকবে না। সকলে নিয়ম মেনে পুজো করবেন। যার যা ইচ্ছা, মাছ-মাংস খাবেন। নিজের মতো করে পুজো কাটাবেন।’’
পরে তাঁর দাবি, পুজোর সময় পুলিশের নজরদারি ও বিভিন্ন বিধিনিষেধের কারণে আগে অনেক ক্ষেত্রেই মানুষকে সমস্যায় পড়তে হত। ভোটব্যাঙ্কের স্বার্থেই এমনটা করা হত বলে অভিযোগ করেন তিনি। তাঁর বক্তব্য, এ বার সেই পরিস্থিতি থাকবে না।
প্রসঙ্গত, হরিশ্চন্দ্রপুর থানা হাটখোলা সার্বজনীন দুর্গাপুজো এ বার ৫৯ বছরে পড়ল। উদ্যোক্তাদের দাবি, চলতি বছরে পুজোর বাজেট প্রায় ৭ লক্ষ টাকা। খুঁটিপুজোর মধ্য দিয়ে শুরু হয়ে গেল মূল উৎসবের প্রস্তুতি।








